কুষ্টিয়ায় ইজিবাইক চোরচক্রের ৬ সদস্য আটক
কুষ্টিয়ায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া এলাকার জনি হোসেন (২৪), চর মিলপাড়া এলাকার সবুজ শেখ (২০), নতুন কমলাপুর করিম বক্সলেন এলাকার তাজুল ইসলাম (৪০), বটতৈল মোড় এলাকার সারজেদ আলী (২০), বল্লভপুর এলাকার ইয়াকুব আলী (৩৮) এবং মিরপুর থানার অঞ্জনগাছি গ্রামের রনি ইসলাম (১৯)।
.png)
পুলিশ সুপার খাইরুল আলম জানান, গত কয়েক দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক এবং ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় কুষ্টিয়া সদর এবং দৌলতপুর থানায় কয়েকটি মামলা দায়ের হয়েছে। এর পর থেকেই এই চোর চক্রকে ধরতে কাজ শুরু করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অনেকটা নিশ্চিত হয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চোরচক্রের এই ৬ সদস্যকে আটক করা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক চুরির সঙ্গে তাদের জড়িত থাকা কথা স্বীকার করেন।
তিনি আরো জানান, আটকরা সবাই এলাকার চিহ্নিত অপরাধী। এদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।