ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলছিল নদীর পাড়ে, ডুবে নিথর শিশু ইসমাইল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৩ এপ্রিল ২০২৩
খেলছিল নদীর পাড়ে, ডুবে নিথর শিশু ইসমাইল
শিশুর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা -ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে ডুবে মো. ইসমাইল হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের দরুণ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ইসমাইলসহ আরো দুই শিশু নদীর পাড়ে খেলতে যায়। তখন তার নানি তাদেরকে সেখান থেকে তাড়া করে বাসায় চলে যান। এর কিছুক্ষণ পর শিশু ইসমাইলকে বাসায় না পেয়ে সঙ্গে থাকা শিশুদের জিজ্ঞাসা করলে তারা জানায় সে পানিতে পড়ে গেছে। পরে তাকে নদীতে খুঁজতে শুরু করেন স্বজনরা। অনেক খুঁজেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ইসমাইলের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে উদ্ধারকারী টিম নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে স্থানীয় জেলেদের সমন্বয়ে জাল ফেলে অনেক চেষ্টার পর বিকেল পৌনে ৪টার দিকে শিশু ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

Advertisement

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!