ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের নতুন জামা পড়া হলো না ছোট্ট আইরিনের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ১৪ এপ্রিল ২০২৩
ঈদের নতুন জামা পড়া হলো না ছোট্ট আইরিনের
শিশু আইরিন

শিশু আইরিন। বয়স ৯ বছর। ঈদে নতুন জামার জন্য বায়না ধরেছিল সে। মেয়ের বায়না মেটাতে মা রেশমা বেগম নিজ হাতেই তৈরি করে রেখেছিলেন নতুন জামা। কিন্তু সেই জামা আর পড়া হলো না আইরিনের। 
দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় সে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। একইসঙ্গে আহত হয় আইরিনের ছোট ভাই ৭ বছরের আবু বকর। নিহত আইরিন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউপির খামারবাড়ি এলাকার আউয়াল মিয়া ও রেশমা দম্পতির মেয়ে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে ছোট ভাই আবুবকরকে নিয়ে বাড়ির উঠানে খেলছিল আইরিন। উঠানের এক পাশে নতুন দেয়াল নির্মাণ করছিলেন প্রতিবেশী রাজ্জাক হাওলাদার। খেলার একপর্যায়ে ২ ভাই বোন নির্মাণাধীন দেয়ালের সঙ্গে ঝুলতে গিয়ে চাপা পড়ে তারা। এতে গুরুতর আহত হয় আইরিন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আইরিনের বাবা আউয়াল মিয়া বলেন, আমার মেয়ের আর নতুন জামা পড়া হইলো না। আগে জানলে ওরে দেয়ালের পাশে যাইতে দিতাম না। আল্লাহ এটা কি করল। আমি ওরে ছাড়া কেমনে থাকুম।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাওলীন আফরোজ বলেন, রক্তাক্ত অবস্থায় আইরিন নামে এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দেয়াল চাপায় এক শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!