পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কোপাল প্রতিপক্ষরা
ঝিনাইদহে পূর্ব বিরোধের জেরে প্রশান্ত শিকদার ও মিঠুন শিকদার নামের দুই ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সদরের বুজিতলা গ্রামে মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের অনন্ত শিকদারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রায় এক বছর আগে বুজিতলা গ্রামের কাত্যায়নী মন্দিরের পেছনে সুচন্দন মল্লিক নামের এক ছেলেকে অনৈতিক কাজের সময় দেখে ফেলেন প্রশান্ত শিকদার। এ নিয়ে তখন থেকেই তাকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে আসছিলেন। পরে শুক্রবার রাতে বুজিতলা গ্রামের একটি চুরির ঘটনায় কাত্যায়নী মন্দিরের সামনে গ্রাম্য সালিশ ছিলো। সেসময় প্রশান্ত ও মিঠুন গেলে পূর্বের বিরোধের জেরে সুচন্দন মল্লিক, তার বাবা কৃষ্ণ মল্লিকসহ কয়েকজন মিলে তাদের কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।