ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ১৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১৯ এপ্রিল ২০২৩
বগুড়ায় অস্ত্রসহ গ্রেফতার ১৩
আটক ১৩ জন -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে তাদের থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদরের সেউজগাড়ির সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- অহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), বাবলা ফকির (৩৩),  সুজন (৩০),  জনি (৩৪), আরিফুল ইসলাম (৩৭), প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), রনি হাসান (২০), সজিব হোসেন (২৫), মনোয়ার হোসেন হীরা (৩৪), আজিম (২৮), আকাশ আহম্মেদ বিপন (৩০), ফারুক আহম্মেদ (৩৬) ও আলম শেখ (৩৫)। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা।

Advertisement

তাদের থেকে তিনটি বার্মিজ চাকু, একটি স্টিলের ছোরা, একটি দা, একটি হাতুড়ি, কালো রংয়ের স্কচটেপ, ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি, দুটি পাইপ সাদৃশ্য লোহার রড, চারটি কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খণ্ডাংশ ও এক কেজি গাঁজা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে অহেদুল ইসলামের বিরুদ্ধে আগের দশটি, বাবলা ফকিরের আটটি, জনির একটি, আরিফুল ইসলামের একটি, প্রসেনজিৎয়ের চারটি, সজিব হোসেনের একটি ও মনোয়ার হোসেন হীরার বিরুদ্ধে একটি মামলা আছে। এসবের মধ্যে হত্যা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরণ, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। তারা সবুজবাগ এলাকায় একত্র হয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়াসহ মাদকসেবন ও বিক্রির জন্য অবস্থান করছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!