বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ঈদুল আজহায় গরুর হাটে এ জাল নোট ব্যবহার করার পরিকল্পনা করেছিল আসামিরা।
বুধবার দুপুরে বনগাঁও সাদাপুরের পুরাতন বাড়ির বছির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাখাওয়াত হোসেন খানের মালিকানাধীন সাউথ বেঙ্গল অ্যাপারেলসের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বেশকিছু সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
.png)
মঙ্গলবার সন্ধ্যা থেকে চালানো ঐ অভিযানে আটক ব্যক্তিরা হলেন— শরীয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০), বরিশাল জেলার মুলাদী থানার বয়াতিকান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৪) ও বরিশালের মুলাদী থানার ডিগ্রিরচর খান বাড়ির জয়নাল আবেদীন খানের ছেলে সাখাওয়াত হোসেন খান (৪৫)। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন কারখানার মালিক।
স্থানীয়রা জানান, সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন থেকে কারখানাটি পরিচালনা করছেন। এলাকায় কারখানাটি পোশাক কারখানা হিসেবেই বেশি পরিচিত ছিল।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বুধবার সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শনাক্ত করে। এসময় একজনকে আটক করে সাভার থানায় সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে সাভার মডেল থানার পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে ঐ কারখানায় অভিযান পরিচালনা করে।
এসময় সম্পূর্ণ প্রস্তুত ৫০ লাখ নকল টাকা ও আরো প্রিন্ট অবস্থায় ৫০ লাখেরও বেশি টাকার সন্ধান পাওয়া যায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কারখানার সব জাল টাকা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, পোশাক কারখানার অভ্যন্তরে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। আসন্ন ঈদুল আজহায় গরুর হাটে এ জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিল আসামিরা।