ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালাইয়ে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৪ জুন ২০২৩
কালাইয়ে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
কালাই থানা- ফাইল ফটো

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

শনিবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী আয়েশা খাতুন কাদিরপুর গ্রামের জুয়েল প্রামানিকের মেয়ে। এছাড়া অভিযুক্ত স্বামী মোসলেম উদ্দিন একই গ্রামের হাতেম আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকাল থেকে মোসলেম উদ্দিন কাদিরপুর আলিম সিনিয়র মাদরাসার উত্তর পাশের মাঠে নিজ জমিতে বর্ষা মৌসুমে মাছ ধরতে ডোবা তৈরি করছিলেন। পরে স্ত্রী আয়েশা খাতুনকে মাঠের মধ্যে ডেকে নেন তিনি। এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে মোসলেম উদ্দিন আয়েশা খাতুনের মাথায় কোদাল দিয়ে কোপ দেন। এতে আয়েশা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।

Advertisement

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!