ভাসানচরে যুবককে কুপিয়ে হত্যা, ২ রোহিঙ্গা গ্রেফতার
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সায়েদুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮০ নম্বর ক্লাস্টারের মো. জাফরের ছেলে ইছাক ও ৭৮ নম্বর ক্লাস্টারের আবদুর রহমানের ছেলে নুর হোসেন।
বুধবার বিকেলে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে একইদিন সকালে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি হুমায়ুন কবীর ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তারা জানান, গত ২ জুলাই রাতে পূর্বশত্রুতার জেরে জায়েদুলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ৫৫ নম্বর ক্লাস্টারের ১৬ নম্বর কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রেখে যান আসামিরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২০ শয্যা ভাসানচর হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের সময় রোহিঙ্গা ইছাক ও নুর হোসেনকে গ্রেফতার করা হয়।