ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সালথায় আমগাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ৭ জুলাই ২০২৩
সালথায় আমগাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো

ফরিদপুরের সালথায় একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাখু মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইউসুফদিয়া গ্রামের উত্তর ভদ্রপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লাখু মোল্যা স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি ঐ গ্রামের বাসিন্দা।

সালথা থানার এসআই আওলাদ হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ইউসুফদিয়া গ্রামের উত্তর ভদ্রপাড়ায় আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। বসতভিটা থেকে কয়েক বাড়ি পরে একটি আম গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি রাতে একাকী ঘর থেকে বেরিয়ে গলায় রশি দেন।

মৃতের মেজো ছেলে কাইয়ূম মোল্যা জানান, তার বাবা সহজ-সরল প্রকৃতির ছিলেন। কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিরিবিলি নির্জনতা পছন্দ করতেন। মাঝে মধ্যে বনজঙ্গলে কিংবা ফসলের ক্ষেতে যেয়ে একাকী ঘুমিয়ে থাকতেন। তবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। কখনো কারো সঙ্গে কোনো বিবাদে জড়াননি।

সালথা থানার ওসি শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!