মিরপুরে ফের শ্রমিকদের অবরোধের চেষ্টা
রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের ধাওয়ায় তারা মিরপুর-২ এলাকায় সরে যান। সেখানে কয়েক দফায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুরো মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মিরপুর-২ এলাকার বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন। মাঝেমধ্যে তারা সংগঠিত হয়ে সড়কে নামার চেষ্টা করছেন। পুলিশ তাদের দেখামাত্রই ধাওয়া দিচ্ছে। বেলা ১১টার দিকে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় তারা একটি বাস ভাঙচুরেরও চেষ্টা করেন।
এদিকে লাঠিসোঁটা হাতে সরকারদলীয় কর্মীদের মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বর সড়কে অবস্থান ও শোডাউন দিতে দেখা গেছে। তারা জানান, সাধারণ মানুষকে বাধা দেওয়া তাদের উদ্দেশ্য নয়। আন্দোলনের নামে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে, তাদের প্রতিহত করতেই তারা মাঠে নেমেছেন।
এমন পরিস্থিতিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরাজ করছে থমথমে পরিবেশ। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া কয়েকজনকে আটকও করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার থেকে শ্রমিকদের এ আন্দোলন শুরু হয়। ওই দিন পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।