ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুর ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ২ নভেম্বর ২০২৬
মিরপুর ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আশুলিয়া ও মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটেছে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গ্রুপের কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা হামীম গ্রুপের কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!