৭ নভেম্বর পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা পালন করতে হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন-সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর জিয়াউর রহমান গৃহবন্দি হন। পরে ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আটকাবস্থা থেকে মুক্তি পান। এরপর দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান।
দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় দিবসের তালিকায় দিনটি অন্তর্ভুক্ত ছিল না। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও দিবসটি ওই তালিকায় রাখা হয়নি।