বুলগেরিয়ায় প্রথম নারী রাষ্ট্রপ্রধান হওয়ার পথে ইয়োতোভা
বুলগেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার বুথফেরত জরিপে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা। প্রাথমিক ফলাফলে ৫৮ শতাংশ ভোট পেয়ে সম্ভাব্য বিজয়ী হিসেবে উঠে এসেছেন তিনি। ফলাফল চূড়ান্ত হলে দেশটির ইতিহাসে প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হবেন ইয়োতোভা।
তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ফলাফল মেনে নিয়ে ইতিমধ্যে পরাজয় স্বীকার করেছেন তিনি।
গিউরভ বলেন, নাগরিকরা তাদের রায় দিয়েছেন। নির্বাচনে যে ফলাফল এসেছে, তা সবাইকে মেনে নিতে হবে।
৬২ বছর বয়সী ইয়োতোভা চলতি বছরের জানুয়ারিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বর্তমান প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পদত্যাগ করার পর তিনি এ দায়িত্ব পান। পর্যবেক্ষকদের মতে, ইয়োতোভার এই জয় নিশ্চিত হলে রাষ্ট্রপতির পদটি ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণেই থাকবে।
ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপরও গুরুত্ব দিয়ে আসছেন।
বুলগেরিয়ার রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও সরাসরি ভোটে নির্বাচিত হওয়ায় এ পদের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন, আইনে ভেটো দেওয়া এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার ক্ষমতা রাখেন।