রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ছিনতাইকারী এবং দুইজন চোরাকারবারি। অভিযুক্ত তিন ছিনতাইকারীরা হলেন- বগুড়া সদরের এরুলিয়া বাগানবাড়ি গ্রামের জীবন মোল্লা (২৪), সোনাতলার হলিদাবগা গ্রামের মো. নাজমুল ওরফে লাভলু (২৬) এবং সদরের উত্তর গোদারপাড়া এলাকার সোহেল রানা (৩৫)। এছাড়া দুই চোরাকারবারি হলেন- এরুলিয়া জিলাদারপাড়া গ্রামের রুহুল আমিন রকি (২৭) এবং গাবতলী উপজেলার ধোরা সরকারবাড়ি গ্রামের ইউসুফ আলী (২২)।
.png)
পুলিশ জানায়, গত ১৫ মে রাত ৯টা ২০ মিনিটের দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের সামনে থেকে পল্লীমঙ্গল হাটে যাওয়ার জন্য সদরের বাসিন্দা আমজাদ হোসেনের অটোরিকশা ভাড়া করেন যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী। পথে বালাকৈগারি গ্রামের ব্রিজের ওপর নির্জন স্থানে পৌঁছালে ছুরি দিয়ে চালক আমজাদকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী চালক। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজন ছিনতাইকারী এবং দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার ওসি মো. সাইহান ওলিউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।