উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শাহা আলম। মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন তিনি।
সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হয়। এতে শাহা আলম জিপিএ-২.৪১ পেয়ে পাস করেছেন। এ ফলাফল পেয়ে শাহা আলম মহাখুশি হয়েছেন। আনন্দে তিনি মিষ্টি বিতরণ করেছেন।
.png)
শাহা আলম মিয়া বলেন, সংসারে অভাব অনটনের কারণে বেশি পড়াশোনা করতে পারিনি। ১৯৯৫-৯৬ সালের দিকে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে প্রবল ইচ্ছা ছিল আমাকে শিক্ষিত হতে হবে। এ ইচ্ছা পূরণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় শাখায় ভর্তি হই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পর গতবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম।
তিনি আরো বলেন, শিক্ষিত মানুষের কদর বেশি। তাই এসএসসি পাস করার ইচ্ছা আরো দৃঢ় হয় আমার। আল্লাহর অশেষ রহমতে এসএসসি পাস করেছি। এখন আমার ইচ্ছা জীবনের শেষ প্রান্তরে হলেও বিএ (স্নাতক) পাস করার। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদ আলী জানান, শাহা আলম মিয়ার এই বয়সে লেখাপড়া করার ইচ্ছা প্রশংসনীয়। শিক্ষার প্রতি তার এমন আগ্রহ অনেককে অনুপ্রাণিত করবে।