বাবা শাসন করায় অভিমানে প্রাণ দিল সুমাইয়া
শেরপুরের নালিতাবাড়ীতে নামাজ না পড়ায় মৌখিকভাবে শাসন করেন মেয়াজ্জিন বাবা। আর এতেই অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী কিশোরী সুমাইয়া। সে পৌর শহরের থানা জামে মসজিদের মোয়াজ্জিন আতিকের কন্যা।
সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষপান করলে রাত ১০টার দিকে সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এলাকা সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের একটি কওমী মাদরাসায় পড়াশোনা করতো থানা মসজিদের মোয়াজ্জিনের কিশোরী কন্যা সুমাইয়া। সোমবার নামাজ না পড়ার জন্য তার বাবা তাকে মৌখিকভাবে শাসন করেন। এতে সে অভিমান করে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘরে রাখা ইঁদুর মারার বিষপান করে। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়।
.png)
আরো জানা গেছে, ওই কিশোরীর সহোদর আরেক এক ভাই একইভাবে বিষপানে আত্মহত্যা করেছেন। গত কয়েক মাস আগে তার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবারটি।
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।