ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের ১২ দিন পর কলেজছাত্রী উদ্ধার, আটক ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৩০ আগস্ট ২০২৩
অপহরণের ১২ দিন পর কলেজছাত্রী উদ্ধার, আটক ১
আটককৃত আব্দুল হাই

বগুড়ার আদমদীঘিতে অপহরণের ১২ দিন পর এক কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ সময় আব্দুল হাই সরকার (২২) নামে মূল অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল হাই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রি কলেজের বিনসাড়া গ্রামের ওই ছাত্রী গত ১৮ আগস্ট বেলা ১১টায় বাড়ি থেকে মুরইল বাজারে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট ছাত্রীর মা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি ডায়েরি করেন। পরে ছাত্রীর অভিভাবকরা জানতে পারেন; তাকে অপহরণ করা হয়েছে।

Advertisement

এরপর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে; ভিকটিমসহ এক যুবক দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে থানার এসআই নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মূল অপহরণকারী আব্দুল হাই সরকারকে আটক করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আটককৃত আব্দুল হাইকে অপহরণ মামলায় আদালতে প্রেরণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!