শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালে এ দুর্ঘটনা ঘটে। জেলার বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম, তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভিটিমরজাল নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা এক নারী, এক শিশু ও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার এসআই আ. রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।