ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিহিংসার আগুনে দুই ভাই নিহতের ঘটনায় গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৭ অক্টোবর ২০২৩
প্রতিহিংসার আগুনে দুই ভাই নিহতের ঘটনায় গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার সকালের দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের আবু আহম্মদের ছেলে আবদুল আজিম (৪৫) এবং মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নালের স্ত্রী মায়া বেগম (৪০)।

দুপুর দেড়টার দিকে ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

র‍্যাব জানায়, মামলার ৪৮ ঘণ্টার মধ্যে র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পূর্ব মধুগ্রাম এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে, শহরের মধ্যম বিরিঞ্চি এলাকা থেকে আরেক আসামি মায়াকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত দুইজন মামলার পলাতক আসামিদের সহায়তায় পরস্পরের যোগসাজশে পূর্ব পরিকল্পনা মোতাবেক বিরোধের জের ধরে পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে দুই শিশুকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে নিহতদের বাবা সহিদুল ইসলাম রনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিনগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার রনি ও পলি দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) এবং রাহাদুল ইসলাম গোলাপ (৬) বসতঘরে আগুন লেগে মারা যায়। পূর্ব বিরোধের জের ধরে দেওয়া আগুনে এ ঘটনা ঘটেছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!