ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষখালী নদীতে বজ্রপাত, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ৮ অক্টোবর ২০২৩
বিষখালী নদীতে বজ্রপাত, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ আউয়াল (২৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার বেলা ১১টার দিকে লালদিয়ার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে নিখোঁজের ঘটনা ঘটে।

মৃত আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আ. হামিদ হাওলাদারের ছেলে।

Advertisement

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আমাদের অনুসন্ধান অব্যাহত ছিল। আজ ঐ জেলের মরদেহ পাওয়া গেছে।

এর আগে শনিবার দুপুরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার একটি ট্রলারে আউয়ালসহ চার জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে ঐ ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান। বাকি তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা আউয়ালকে খোঁজাখুঁজি করে পাননি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!