ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে পাঁচ গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
.png)
জানা যায়, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন নিহত হন।
ত্রিশালের রাগামারা এলাকার সোহেল মিয়া, দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার, নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম ও ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মানিকগঞ্জ
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মানিক নামে কন্টেইনারবাহী লরির হেলপার নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর জানান, সকালে লরির নিচে চাপা পড়েন হেলপার মোহাম্মদ মানিক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।