ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বউ আনতে গিয়ে মার খেয়ে পালালেন বর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৭ অক্টোবর ২০২৩
বউ আনতে গিয়ে মার খেয়ে পালালেন বর
বিয়ে বাড়ি- ফাইল ফটো

কনেকে সঙ্গে না নিয়েই বাড়ি থেকে পালিয়ে যায় বরপক্ষ। বিয়ে বাড়ির গেটে পার্টি স্প্রে ছোড়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রাম এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে বরসহ অন্তত ২০ জন আহত হন।

জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যসদী গ্রামের মুক্তার শেখের ছেলে শরিফুল শেখের সঙ্গে সাঙ্গুরা গ্রামের এক মেয়ের কাবিন রেজিস্ট্রি ও বিয়ে সম্পন্ন হয় এক সপ্তাহ আগে। বর শরিফুল শেখ বৃহস্পতিবার বিকেলে প্রায় ৫০ জন বরযাত্রীসহ গাড়ি বহর নিয়ে বউ আনতে যান। কনের বাড়িতে পৌঁছালে বরকে হাসিমুখে বরণ করা হয়। এ সময় তামাশার ছলে কনেপক্ষের লোকজনের গায়ে পার্টি স্প্রে ছুঁড়ে মারেন বরপক্ষের একজন। স্প্রে শরীরে লাগায় কনেপক্ষের লোকজন রেগে যান। বরপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাদের।

একপর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তেই হাসি-তামাশা রূপ নেয় বিষাদে। পরে মার খেয়ে আহত হয়ে বরযাত্রী নিয়ে পালিয়ে যান বর। আহতরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে বর শরিফুল শেখ বলেন, সংঘর্ষের সময় আমার তিন ভাই লিটন, খায়রুল ও সাবরুলকে বেশি মারপিট করা হয়েছে। ঠেকাতে গেলে আমাকেও মারপিট করেন কনেপক্ষের লোকজন। পরে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি।

কনের বাবা দেলোয়ার মোল্লা জানান, যার দিকে পার্টি স্প্রে মারা হয়েছিল তিনি খুব অসুস্থ। এজন্য তুচ্ছ বিষয় নিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিয়ের আয়োজন করতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়। তবে বরপক্ষ খাবার না খাওয়ায় সেই খাবার নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন জানান, বিয়ে বাড়িতে পার্টি স্প্রে ছোড়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি শুনেছেন। তবে কোনো পক্ষ তার কাছে অভিযোগ নিয়ে যাননি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!