ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অনূর্ধ্ব-১৯: আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য টাই বাংলাদেশের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ২০ অক্টোবর ২০২৬
অনূর্ধ্ব-১৯: আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য টাই বাংলাদেশের
ছবি: সংগৃহীত
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে দুই দলই ৩০৪ রান করে। আফগানিস্তানের ৩০৪ রানের জবাবে ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। আফগান-বাংলাদেশ যুবাদের মধ্যকার ওয়ানডে ম্যাচে এটাই সর্বোচ্চ (৬০৮) মোট রানের রেকর্ড।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালারজাই। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এ ছাড়া ফারিদুল্লাহ ইহসাসের ৫১ এবং তাহির সারওয়ারির ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে বড় সংগ্রহ পায় আফগান যুবারা।

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করে আফগানিস্তান। আবিদুল্লাহ নাদারজান ও ফারিদুল্লাহ ইহসাসের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান। ২৭ বলে ২৩ রান করে আবিদুল্লাহ ফিরলে ভাঙে জুটি। এরপর ফারিদুল্লাহর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন সুবহান জাখাইল। ৩৮ বলে ২৭ রান করে সুবহান আউট হওয়ার আগে দলের সংগ্রহ পৌঁছে যায় ১২৯ রানে।

ফারিদুল্লাহর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৫১ রান। তার ইনিংসে ছিল নয়টি চার। এরপর নোমান সালারজাই ও হামজা খানের জুটি আফগানিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। হামজা ৪৪ বলে ২৯ রান করে ফিরলেও নোমান এক প্রান্ত আগলে রাখেন। পরে তাহির সারওয়ারির ৩১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস আফগানিস্তানকে তিনশ রানের কাছাকাছি পৌঁছে দেয়। তাহিরের ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা।

শেষ দিকে আমির হামজার ১১ বলে ২১ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ব্যাট থেকে আসে একটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ৩০৪ রান তুলে ইনিংস শেষ করে আফগানিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবাই ইসলাম রিজন। ৯ ওভারে ৭২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এসকে জারিফ সিয়াম ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় দুটি উইকেট শিকার করেন। এ ছাড়া আল আমিন হোসেন ও শাকিল খান একটি করে উইকেট পান।

৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি যোগ করেন ৭০ রান। ২৮ বলে ২২ রান করে জারিফ ফিরলে ভাঙে জুটি। এরপর আবদুল্লাহর সঙ্গে যোগ দেন আলামিন হোসেন রনি। আবদুল্লাহ ৪৫ বলে ৫০ রান করে আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০১ রানে।

তৃতীয় উইকেটে রনি ও আহসান আল মুমিনের ব্যাটে আরও এগিয়ে যায় বাংলাদেশ। ৫৬ বলে ৭১ রান করেন রনি। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন তিনি। তবে ২৭.৩ ওভারে রনি আউট হলে ভাঙে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!