শারদীয় দুর্গাপূজার নতুন গানে স্নেহা
দুর্গোৎসবকে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন টিম স্নেহা গ্রুপের লিড ভোকালিস্ট, তরুণ সংগীতশিল্পী সমৃদ্ধি হালদার স্নেহা। ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘মা সাজে নতুন সাজে’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও তৈরি করেছেন স্নেহা নিজেই।
গানটির প্রকাশনা ও পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে তরুণ সংগীত পরিচালক দুর্জয় দাস সূর্যের পরিচালিত স্টুডিও নোটস। তিনি TeamSneha’র ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্নেহার নতুন এই গান দুর্গোৎসবের আনন্দ, ভক্তি ও সাংস্কৃতিক আবহে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষী ও সংগীত বোদ্ধারা।
বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন স্নেহা। তার নতুন গানটির বিশেষত্ব হলো, এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা ও সুর তৈরিতেও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তিনি। একজন তরুণ শিল্পী হিসেবে এটি তার সংগীতজীবনের উল্লেখযোগ্য পদক্ষেপ।
ছোটবেলা থেকেই সংগীত ও সংস্কৃতির প্রতি বিশেষ আগ্রহ স্নেহার। সংগীতগুরু দাদু সলীল মুস্তাফীর হাত ধরে সংগীতাঙ্গনে তার হাতেখড়ি। সংগীতচর্চার পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা পুলিশ কর্মকর্তা সুজন হালদার ও মা সঙ্গীতা মুস্তাফী। তার মা একজন গৃহিণী। বাবা বর্তমানে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত। বাবা-মায়ের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণাকে সঙ্গী করেই সংগীতের জগতে এগিয়ে চলেছেন স্নেহা। পরিবারের সহযোগিতা তার সংগীতচর্চাকে আরও গতিশীল করেছে।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চার মাধ্যমে নিজের প্রতিভা বিকাশে কাজ করছেন এই তরুণ শিল্পী। স্নেহা বর্তমানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষাজীবনের পাশাপাশি সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজের সৃজনশীলতা ও শিল্পীসত্তাকে বিকশিত করার চেষ্টা করছেন তিনি।
সনাতনীদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে নতুন গান প্রকাশ সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে। ভক্তি, ভালোবাসা ও উৎসবের আবহে তৈরি গান মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।