গোসলে পুরোনো লুঙ্গি দেওয়ায় স্ত্রীকে গলাটিপে খুন
গোসলে যাওয়ার আগে স্ত্রীর কাছে চেয়েছিলেন লুঙ্গি। আলমারি থেকে পুরোনো একটি লুঙ্গি বের করে দেন স্ত্রী। নতুন না দিয়ে পুরোনো লুঙ্গি কেন দেওয়া হলো, তা নিয়ে ঝগড়া সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর। একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন স্বামী।
ঘটনাটি চট্টগ্রামের। শুক্রবার সকালে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত স্বামী বদিউল আলমকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।
নিহত নারীর নাম রিনা আকতার। পেশায় অটোরিকশাচালক বদিউল আলম খন্দকীয়া পাড়ার বাসিন্দা। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
.png)
স্থানীয়রা জানান, পুরোনো লুঙ্গি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রথমে রিনা আক্তারকে মারধর করেন স্বামী বদিউল। পরে শয়নকক্ষে নিয়ে খাটের ওপর ফেলে গলাটিপে হত্যা করেন।
নিহত রিনার স্বজনরা জানান, রিনা আক্তারের আগে আরো দুইটি বিয়ে করেন বদিউল। এভাবে নির্যাতন করতেন বলে আগের স্ত্রীরা তাকে ছেড়ে চলে যান।
হাটহাজারী থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছেন। মামলাটিতে বদিউল আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।