জানা গেছে, সকালে আরিচা থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জে আসছিল। পথে বাসটি তরা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসের ভেতরে থাকা মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বাসের যাত্রীদের মারধর করে নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। সকাল ৯টার দিকে বাসের আগুন পুরোপুরি নিভে যায়। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
বাসচালক আনোয়ার হোসেন বলেন, তরা এলাকায় থামানোর পর বাসের অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে কয়েকজন যুবক পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক বাস থেকে তিনি ও তার সহকারী নেমে নিরাপদ স্থানে দাঁড়ান। পরে দুই থেকে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, যারা হরতাল ডেকেছে, তাদের লোকজন বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসের চালক জানিয়েছেন, অগ্নিসংযোগকারীদের দেখলে চিনবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।