ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ২ জনের প্রাণ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৩ নভেম্বর ২০২৩
মেহেরপুরে তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ২ জনের প্রাণ
স্বজনদের আহাজারি

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাংনী উপজেলার শহরের বাসিন্দা বুলু মন্ডল (৫৫) এবং উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ হোসেন (১৫)।

শুক্রবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামে ট্রাকের ধাক্কায় বুলু মন্ডল নিহত হন। এছাড়া একইদিন দুপুর ১টার দিকে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী সড়কের টেপুখালীর মাঠ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ মারা যান।

Advertisement

স্থানীয়রা জানান, বুলু মন্ডল গাংনীর চেংগাড়া বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোযাত্রী বুলু মন্ডল এবং এর চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বুলুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে স্কুলছাত্র সাঈদ দুপুরে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে সাহারবাটী গ্রামের দিকে যাচ্ছিল। পথে সাহারবাটী গ্রামের টেপিখালী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হয়। পথচারীরা সাঈদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!