ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁসের ডিমে সাপের বাচ্চা!

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৯ নভেম্বর ২০২৩
হাঁসের ডিমে সাপের বাচ্চা!
ছবি: সংগৃহীত

হাঁসের ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা। এমনই একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে।

জানা গেছে, ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগমের চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের খোয়াড় থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। আজ সকালে সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য একটি ডিম ভাঙেন। ভাঙার পর দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা।

Advertisement

এ সময় কহিনুর বেগম বলেন, আমার হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। কাল হাঁসের আবাসস্থল (খোয়াড়) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখি। আজ সকালে আমার ছেলেকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নেই। পরে দেখি একটি সাপের বাচ্চা।

তবে স্থানীয়দের ধারণা, হাঁসের খোয়াড়ে সাপ ডিম পাড়তে পারে। ঐ ডিমের আকারটি হাঁসের ডিমের মতোই ছিল। হয়তো সেই কারণে সবাই বলছেন হাঁসের ডিমের ভেতরে সাপের বাচ্চা; কিন্তু এটি তো সম্ভব না। পরে কৌতূহলবশত সবাই মিলে হাঁসের খোয়াড়টি সম্পূর্ণ খুলে দেখা হলেও সেখানে কোনো সাপ পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ঐ খোয়াড় থেকে যে ডিমটি নেয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসাবাড়িতে গোখরাসহ বিভিন্ন সাপ বিচরণ করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!