ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নববধূকে কুপিয়ে হত্যায় ভাবি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১২ নভেম্বর ২০২৩
নববধূকে কুপিয়ে হত্যায় ভাবি গ্রেফতার
নাঙ্গলকোট থানা- ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ঝর্ণা আক্তার নামে এক নববধূকে তার বাবার বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রী ফুল নাহার আক্তার কলিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ফুল নাহারসহ সাতজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ফুল নাহার ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়।

নিহত ঝর্ণা নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের চা দোকানদার আব্দুল জলিলের মেয়ে। গ্রেফতারকৃত ফুল নাহার আক্তার কলি ভুক্তভোগীর বড় ভাই শাহীনের স্ত্রী। 

Advertisement

জানা যায়, গত ১৬ অক্টোবর নাঙ্গলকোট উপজেলার জোড্ডা বড় বাড়ির এয়াছিনের ছেলে দুবাই প্রবাসী দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় ঝর্ণার। দেলোয়ার হোসেন তার আপন ফুফাতো ভাই। ঝর্ণা বিয়ের পর বাবার বাড়িতেই ছিলেন। শনিবার সন্ধ্যায় আব্দুল জলিলের প্রতিবেশী জয়নাল আবেদীনের স্ত্রী ঝর্ণার ঘরের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে তিনি দোকানে গিয়ে আব্দুল জলিলকে খবর দেন। আব্দুল জলিল ঘরে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ঝর্ণাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ঝর্ণার বাবা আব্দুল জলিল নাঙ্গলকোট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকায় নিহতের ভাবি ফুল নাহার আক্তার কলিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!