ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাবার খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৬ মাদরাসাছাত্র

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৫ ডিসেম্বর ২০২৩
খাবার খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৬ মাদরাসাছাত্র
অসুস্থ মাদরাসাছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়

খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ ছাত্রকে জেলা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন।

তিনি জানান, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ জন ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণের পর তাদেরকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে।

এএসএম রুহুল আমিন আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ফুড পয়জনিং হয়েছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান জানান, এ মাদরাসার প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। তারা মাদরাসার আবাসিকে থাকে। তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায় তারা। প্রতিদিনের মতো সোমবার রাতেও স্বাভাবিক খাবর- সাদা ভাত, ডাল ও শিম ভাজি খেয়ে শুয়ে পড়ে। পরে রাত ২টার দিকে হঠাৎ কয়েকজন বাচ্চার পাতলা পায়খানা এবং কয়েকজনের এর সঙ্গে বমি হয়। এরপর তাদের স্যালাইনসহ প্রাথমিক ওষুধ খাওয়ানো হয়। এতে সুস্থ না হওয়ায় সকালে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!