মোবাইলে কথা বলতে বলতেই নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফজলুল হক নামে এক বৃদ্ধ।
শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ জানান, তার শ্যালকের (শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে ফেরি পারাপারের সময় তার বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।
.png)
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। শনিবার সকালে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশি চালাবে।
মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।