ম্যাজিস্ট্রেট দেখে মুহূর্তেই ২০০ টাকার পেঁয়াজ ১০০
কারসাজি করে বৃদ্ধি করা ২২০ টাকার পেঁয়াজ হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে ছাগলনাইয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, পেঁয়াজ অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন বাজারে সংকট দেখাচ্ছে। ছাগলনাইয়া পৌরশহরের বাজারেও একই অবস্থা দেখা যায়। ঐ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ দোকানদার ২২০ টাকা বিক্রি করেছিলেন তা মুহূর্তেই ১০০ টাকা নেমে আসে। এ সময় পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।