মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)। এ দম্পত্তির ছেলে গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছেন।
.png)
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে হাবিব তার বাবা ও মাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কাচিঘাটা গ্রামে ফিরছিলেন। পথে অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাবিবা খাতুন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে হাবিবা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মজিবুর রহমান মারা যান।
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে। আটক ট্রাকচালক আলী আহমেদ (৩০) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে।
ফুলবাড়িয়ার মোথাপাড়া গ্রামের সাব্বির আহমেদ কছিম জানান, মজিবুর রহমানের ভাতিজি কমলা খাতুন মঙ্গলবার সকালে মারা যান। বিকেলে কমলা খাতুনের জানাজায় অংশ নিতে তারা ফুলবাড়িয়ার বাড়িতে ফিরছিলেন।
কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।