নওগাঁয় ১০ টাকার জন্য হত্যা, আসামির যাবজ্জীবন
নওগাঁয় পোরশায় হত্যা মামলায় মফিজ উদ্দিন নামে এক দর্জির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দু’বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল খালেক এবং আসামিপক্ষের আইনজীবী দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলী তার জ্যাকেটে চেন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলি বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেন লাগানোর মজুরি ৩০ টাকা দাবি করেন মফিজ। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মফিজ একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেয়। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।