এ সময় উভয়পক্ষের টেটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। খুন হওয়া যুবক কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ ঘটনাস্থনে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
.png)
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে জাকির হোসেন ও জসীম উদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিসোর্ট সিটির মধ্য দিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন, আক্তার হোসেন ও জসীম উদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন আহত হন।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পারভেজ হোসেন মারা যান। আহতদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আহতের বড় ভাই জাকির হোসেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।