ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সন্ত্রাসী গ্রেফতার
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেয়া আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড গুলি, আট রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, তিনটি হাতের তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, দুটি বড় ছোরা ও দুটি লোহার ছিকল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে উখিয়ার জমতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মেদ আমিন, পেটান শরীফ, আবুল কাশেম ও সৈয়দুর রহমান। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

৮-এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়ার গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালানো শুরু করে। পরে তাদের ধাওয়া করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ঐসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!