অপরাধই যেন নিত্যসঙ্গী যুবদল নেতা মাসুদের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। অপরাধই যেন তার নিত্যসঙ্গী।
যুবদল নেতা মোহাম্মদ মাসুদের এসব কর্মকাণ্ডে আতঙ্কে দিন কাটায় এলাকার মানুষ। সম্প্রতি অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানায় স্থানীয়রা।
মাসুদ সলিমপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
.png)
সলিমপুরের এক বাসিন্দা বলেন, মাসুদ চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি-জমি দখলসহ সব ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। তার কারণে এলাকার মানুষের মধ্যে সবসময় আতঙ্ক ভর করতো। এসব অপরাধীদের দমন করা খুব বেশি জরুরি। গত ৭ নভেম্বর নিজ এলাকা থেকে অস্ত্রসহ মাসুদকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, গ্রেফতারের পর মাসুদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ২১টির বেশি মামলা রয়েছে। সবশেষ অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হয়েছে।