ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষায় নকল সরবরাহ: হল সুপার বরখাস্ত, পিয়নকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৪ মার্চ ২০২৪
পরীক্ষায় নকল সরবরাহ: হল সুপার বরখাস্ত, পিয়নকে জরিমানা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কেন্দ্রের হল সুপার মাওলানা জোবায়েরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া পিয়ন মো. তাওফিককে (৪০) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৩ মার্চ) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এ রায় দেন। 

পাবলিক পরীক্ষা আইন ১৮৫০ এর ১১ ধারায় জরিমানা প্রাপ্তরা হলেন, জাহাজমারা মাদরাসা কেন্দ্রের পিয়ন ও চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মো. তাওফিক (৪০)। তিনি চরচেঙ্গা এলাকার মজিবুল হকের ছেলে। কেন্দ্রে নকল সরবরাহে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার জন্য হল সুপার থেকে মাওলানা জোবায়েরকে বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল। 

Advertisement

এর আগে, রোববার উপজেলার জাহাজমারা মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধানসহ পিয়নকে আটক করে পুলিশে সোপর্দ করেন সংশ্লিষ্ট কেন্দ্রের টেগ অফিসার। পরে কেন্দ্রের টেগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হল সুপার ও চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জোবায়েরকে বহিষ্কার করেন। 

এদিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের অনিয়মে ফাঁস করা প্রশ্নের সমাধান এবং এটি কেন্দ্রে সরবরাহের ক্ষেত্রে চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার দু’জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একজন হলেন, শরীর চর্চা বিভাগের শিক্ষক ফজলে এলাহি বেলাল। আরেকজন হলেন, ইংরেজি প্রভাষক মোয়াজ্জেম হোসেন মামুন।

তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, তাদেরকে ডেকে এনে বিষয়টি খতিয়ে দেখবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!