মঙ্গলবার বিকেলে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক, দিঘীরপাড় এলাকার ছামিউল হকের ছেলে হানিফ ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস।
.png)
জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী রতন রবি দাস, হানিফের বন্ধু পরীক্ষার্থী বিল্লাল হোসেন এবং জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে আসে। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলো।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌসের প্রক্সি দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ সময় তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড এবং জান্নাতুল ফেরদৌসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।