কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনায় মৌলভী ইদ্রিস নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌলভী ইদ্রিস উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে।
আহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়ির চালক খায়রুল বাশার, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন, একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ, উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন ও অলি আহমদের ছেলে নুর হাসিম।
.png)
জানা যায়, বেলা ১১টার দিকে অটোরিকশায় কুতুপালং বাজার-বালুখালী যাচ্ছিলেন তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পথচারীরা তাদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিলে রোহিঙ্গা মৌলভী ইদ্রিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল হোসেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুঘর্টনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।