ভৈরবে ট্রলারডুবি: পুলিশ কনস্টেবলসহ ২ জনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ কনস্টেবলসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো সাতজনের মরদেহ।
সোমবার সকালে মেঘনা নদীর পলতাকান্দা এলাকা ও লালপুর এলাকার ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বেলন দে ও পুলিশ কনস্টেবেল সোহেল রানা। সোহেল রানা ভৈরব হাইওয়ে থানায় কর্তব্যরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব নৌ-পুলিশ ইনচার্জ মো.মনিরুল ইসলাম।
.png)
এর আগে, রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস ও বিআইডব্লিওটিএ ডুবুরি দল তৃতীয় দিনের মতো নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযানে নামে। একপর্যায়ে মেঘনার তীরবর্তী কালিপুর এলাকা ও রেলসেতু এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন ১৬ জন যাত্রী। কিছুদূর যেতেই এক যাত্রীর অনুরোধে মাঝি হাল ছেড়ে ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠেন। খবর পেয়ে এক নারীর মরদেহসহ আটজনকে উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস।