ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর ঘাস নিতে বাড়ির বাইরে মা, সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ৩০ মার্চ ২০২৪
গরুর ঘাস নিতে বাড়ির বাইরে মা, সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টা
লালমোহনে গলাকাটা অবস্থায় শিশুকে কোলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা আকলিমা বেগম

ভোলার লালমোহন উপজেলায় ৯ মাসের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে শিশুর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা আকলিমা বেগম।

আহত শিশু রবিউল ইসলাম মুন্না (৯ মাস) উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খারাকান্দি এলাকার আব্দুল হাসিম ও আকলিমা বেগম দম্পত্তির ছেলে।

মা আকলিমা বেগম জানান, তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম মুন্না সবার ছোট। বড় ছেলে ঢাকায় বাবার সঙ্গে সিএনজি চালায়। শনিবার সকালে শিশু মুন্নাকে ঘরের বারান্দার খাটের ওপর রেখে মেজো ছেলেসহ পাশের বিলে গরুর ঘাস কাটতে যান তিনি। কাজ শেষে ঘরে ফিরে শিশু মুন্নাকে খাটের ওপর গলাকাটা অবস্থায় দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। মুন্না বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে কিভাবে শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না মা আকলিমা।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু রবিউল ইসলাম মুন্নার গলায় ৭ থেকে ৮টি সেলাই করতে হয়েছে। তার গলার রগ কাটা না গেলেও অনেকখানি চামড়া কেটে গেছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত তথ্য পেয়ে ওই শিশুকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। এ ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!