ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাগিনাকে গলাকেটে হত্যায় মামার যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৭ নভেম্বর ২০২৩
ভাগিনাকে গলাকেটে হত্যায় মামার যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে নিজ ভাগিনাকে গলাকেটে হত্যার ঘটনায় নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত নুর আলম ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ আগস্ট নেশার টাকা না পেয়ে নিজ ভাগিনা ৫ম শ্রেণির শিক্ষার্থী মনসুর আলমকে (১০) বাড়ির পাশে গলাকেটে হত্যা করেন। পরদিন স্থানীয় বোয়াইল্লা খাল পাড়ের মর্তুজার জমি থেকে শিশু মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। একপর্যায়ে নুর আলম ভাগিনাকে হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Advertisement

মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন এসআই আজিজ আহাম্মদ। এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। রায়ে একমাত্র আসামি নুর আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

আদালতের এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানান, ঘটনার পর ২০১৬ সাল থেকেই আসামি হাজতে ছিলেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নুর আলমের বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!