ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে আঁধারে তৈরি হলো ‘গায়েবি রাস্তা’, হতবাক এলাকাবাসী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৯ এপ্রিল ২০২৪
রাতে আঁধারে তৈরি হলো ‘গায়েবি রাস্তা’, হতবাক এলাকাবাসী
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে একটি নতুন রাস্তা নির্মাণ নিয়ে রীতিমতো হতবাক হয়েছেন স্থানীয়রা। কারণ একরাতেই নির্মাণ করা হয়েছে রাস্তাটি। তাই এলাকাবাসী এর নাম দিয়েছেন ‘গায়েবি রাস্তা’। কে বা কারা রাতের আঁধারে রাস্তা তৈরি করেছে, প্রথমে সেটা বুঝতে না পারায় গুজব ছড়িয়ে পড়ে, জিনদের একটি দল এই রাস্তা তৈরি করেছে!

রাতের আঁধারে এই রহস্যময় রাস্তা নির্মাণের ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাঁটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে। ঘটনাটি ছড়িয়ে পড়ার একপর্যায়ে জানা যায়, জমির পেছনে থাকা শেখ বাড়ি ও ছৈয়াল বাড়ির জন্য টাকার বিনিময়ে রাতের অন্ধকারে রাস্তাটি নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন।

সকালে ঘুম থেকে উঠে নিজেদের জমির ওপর রাস্তা দেখে আকাশ থেকে পড়ার উপক্রম হয় মালিকদের। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, আবাদি জমিটা এভাবে ধ্বংস করার আগে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেননি মেম্বর।

Advertisement

জমির মালিক মনির হোসেন মজুমদার, আবুল হাসানাত ও শাখাওয়াত হোসেন জিয়ার মা নুরুন নাহার জানান, গভীর রাতে এ রাস্তা নির্মাণ করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে এমন একটি রাস্তা নির্মাণ হয়েছে শুনে এসে দেখেন নিজের সম্পত্তির ওপর দিয়ে এ রাস্তা করা হয়েছে। যদিও এ রাস্তাটি নির্মাণ করতে জমির মালিকদের কোনো অনুমতি নেয়া হয়নি বলে জানান তারা। রাস্তাটি শুধুমাত্র জমির পিছনে থাকা শেখ বাড়ি ও ছৈয়াল বাড়ির জন্য গোপনে রাস্তাটি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, টাকার বিনিময়ে রাতের আঁধারে এ রাস্তা নির্মাণ করেন ইউপি সদস্য জাকির হোসেন।

এদিকে রাস্তা নির্মাণের বিষয়টি জানতে চাইলে দায়ী ইউপি সদস্য জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আপনার যা ইচ্ছে তাই করুন। রাস্তা করেছি। তাতে আপনার কী?

পরের জমিতে রাতের আঁধারে রাস্তা তৈরির বিষয় জানতে চাইলে ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমার সময় নেই। তাই রাস্তার বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না।’

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি নির্মাণে স্থানীয়দের কোনো আপত্তি নেই মর্মে গণহারে ২৫-২৬ জনের লিখিত এবং স্মারক নিয়েছি। তবে সরকারি কোনো বরাদ্দ ছাড়াই মেম্বর এ রাস্তাটি নির্মাণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!