ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মগরা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২১ এপ্রিল ২০২৪
মগরা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নেত্রকোণার আটপাড়ায় মগরা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৭ ঘণ্টা পর লিওন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার রাতে উপজেলার সুখারী ইউনিয়নের মঙ্গলশ্রী গ্রামের মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মৃত লিওন মঙ্গলশ্রী পূর্বপাড়া গ্রামের দীপু মিয়ার ছেলে ও পার্শ্ববর্তী মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নদীতে গোসলে নামে লিওনসহ স্থানীয় কয়েকজন। গোসল শেষে স্থানীয়রা পাড়ে উঠলেও লিওনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের জানান স্থানীয়রা। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের আরেকটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। একপর্যায়ে নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর নদীর তলদেশ থেকে লিওনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

Advertisement

মদন ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি। পরে বিকেলে ময়মনসিংহ ডুবুরি দল এ কাজে অংশ নেয়। 

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!