ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্রসহ বিভিন্ন জেলায় ডাকাতি করাই তাদের নেশা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৬ মে ২০২৪
অস্ত্রসহ বিভিন্ন জেলায় ডাকাতি করাই তাদের নেশা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। এর আগে, বুধবার (১৫ মে) ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটির টেক গ্রামের আজাদের বাড়ির মো. ইসমাইলের ছেলে ডাকাত সর্দার মো. ইব্রাহিম (৩৫), মোবারক হোসেনের ছেলে মো. সোহাগ (২৬), ধর্মপুর গ্রামের মৃত জাফর হোসেনের ছেলে আমির হোসেন (৩০), মানিকের ছেলে নবীর হোসেন (২২), মৃত আব্দুল রশিদের ছেলে মোবারক হোসেন (৪৫) ও চট্টগ্রামের মিরসরাইয়ের মজিবুল হকের ছেলে মোহাম্মদ সেলিম (৩৫)।

Advertisement

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন জায়গা থেকে একটি নির্দিষ্ট জায়গায় দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। এর আগে তারা চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে ডাকাতির ঘটনা ঘটায়। বুধবার ভোরে ডাকাতি করার উদ্দেশ্যে তারা আবার নোয়াখালীতে আসে।

বুধবার ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি তালা কাটার যন্ত্র ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় জেলায় ডাকাতি করা তাদের নেশা। আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি। আসামিরা স্বীকার করেছে, তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে। সুধারাম থানার মাধ্যমে তাদের বৃহস্পতিবার (১৬ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!