শনিবার রাতে পৌর শহরের ১ নম্বর লেবার জেটি এলাকা থেকে কোস্টগার্ড এই তেল উদ্ধার করলেও অজ্ঞাত কারণে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসির ইবনে মাহাসীন জানান, মোংলা বন্দরে অবস্থানরত পানামা পতাকাবাহী ‘ইয়াস স্কাই’জাহাজ থেকে ২১৭ ব্যারেল জ্বালানি তেল পাচার হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা শহরের অভিযান চালায়। পরে ১ নম্বর লেবার জেটি থেকে এই তেল উদ্ধার করেন তারা। তবে এ সময় এর সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত এই তেল মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের জয়েন্ট কমিশনার (জেসি) মো. মাহফুজুর রহমান বলেন, মো. বেল্লাল হোসেন নামধারী কাস্টমস ভেন্ডার লাইসন্স মেসার্স এবি সিদ্দিকের অনুকূলে এই তেল নামানো হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তিকে ৫ লাখ ৫৭ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পাচার বা চুরি রোধসহ নিরাপত্তার বিষয়ে নদীতে কোস্টগার্ডের টহলে থাকার কথা। কিন্তু তাদের চোখ ফাঁকি এই ঘটনা ঘটলো, তাদের দায়িত্বে অবহেলা ছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, কারা জড়িত। এরপরে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে জানা গেছে, বন্দরে অবস্থানরত জাহাজ থেকে বাজার পার্টির কালাম ও ইউসুফ এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তেল পাচার করে আসছেন। শনিবার উদ্ধার হওয়া তেলও তারা পাচার করে এনেছেন। তবে তারা সব সময়ই রহস্যজনক কারণে ধরা ছোঁয়ার বাইরে থেকে যান।