ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর সীমান্তজুড়ে বিজিবির মাইকিং

যশোর ‍প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১২ জুন ২০২৪
যশোর সীমান্তজুড়ে বিজিবির মাইকিং
ছবি: সংগৃহীত

যশোর সীমান্তজুড়ে নাগরিকদের সতর্ক করে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ জুন) দুপুর থেকে একযোগে সীমান্তের গ্রামগুলোতে মাইকিং করা হয়।

স্থানীয় বিজিবি ক্যাম্পগুলো জানিয়েছে, সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে গুলি বা আক্রমণ করতে পারে। এ জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা এমন মাইকিং করছেন।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

Advertisement

সূত্র মতে, সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা, এ কাজ বাংলাদেশের দুর্বৃত্তরা করেছে। এ জন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে, এমন ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, এটা নতুন কিছু নয়। আমরা মাঝে মধ্যেই সতর্ক করে থাকি। আর এখন ঈদ। গরু পাচার হয়। অসৎ মানুষ সীমান্তে যায়। এ জন্য তাদের সতর্ক করা হচ্ছে।

সীমান্ত উপজেলা শার্শার পাকশিয়া বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজ জানান, ১২ জুন সন্ধ্যা ৭টায় পাকশিয়া বাজারে বিজিবি সতর্কমূলক মাইকিং করেছে। এছাড়া শালকোনা, শিববাস, পাকশিয়া, টেংরালী সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

শার্শার ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল বলেন, আমার ইউনিয়নের পশ্চিমে নারকেলবাড়িয়া থেকে কাশিপুর পর্যন্ত ৮টি সীমান্তের গ্রাম রয়েছে। এসব গ্রামগুলো বিজিবি মাইকিং করে সীমান্তে যেতে নিষেধ করেছে। আমাকেও বিজিবির পক্ষ থেকে মাইকিং বা সচেতন করতে অনুরোধ করা হয়েছে।

বিজিবি বলছে, সীমান্তের দুই-এক স্থানে বিএসএফের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে বাংলাদেশিদের ওপর যেকোন সময় অঘটন ঘটতে পারে। এ জন্য মাইকিং করে অনুরোধ করছে।

বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।

শার্শার শালকোনা কোম্পানি কমান্ডার মাহাবুর রহমান জানান, সীমান্তের কাঁটাতারের এপারে ভারতের জমি রয়েছে। বাংলাদেশের নাগরিকরা নিজ জমিতে চাষাবাদ করতে যায়। ভারতের নাগরিকরাও চাষকাজে আসেন। বাংলাদেশিরা যাতে ভুল করে ভারতের জমিতে কিংবা কাঁটাতারের কাছাকাছি না যায় এজন্য সতর্ক করা হচ্ছে। এছাড়া মহশেপুর সীমান্তে এক বিএসএফ সদস্য আহত হয়েছে। এ জন্য বাংলাদেশি নাগরিকদের ওপর যাতে ক্ষোভ দেখাতে পারেন। ফলে নাগরিকদের সাবধান করা হচ্ছে।

যশোর বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বিজিবি যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!