বোনকে পাড়ে পৌঁছে দিতে পারলেও নিজে ডুবে যায় নাসিয়া
রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নাসিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু নাসিয়া খাতুন পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু নাসিয়া খাতুন ঈদ উপলক্ষে ফুফুর বাড়ি বেড়াতে আসে। দুপুরে সমবয়সী ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশে ফকিন্নি নদী দেখতে যায়। নদীর ধার দিয়ে হাঁটার সময় তার ফুফাতো বোন পা পেছলে পানিতে পড়ে যায়। এ সময় নাসিয়া পানিতে ঝাঁপ দিয়ে নেমে বোনকে পাড়ে পৌঁছে দিতে পারলেও নিজে পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন নদীর পানিতে নেমে নৌকা ও জাল নিয়ে নাসিয়াকে খোঁজাখুঁজি শুরু করেন। তারা ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রাজশাহী শহর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে নাসিয়াকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগমারা ফায়ার স্টেশনের অধিনায়ক আলতাফ হোসেন বলেন, নদী থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।