ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ব্যক্তিগত ছবি’ ইন্টারনেটে ছড়ানোর ভয়, যা করলেন প্রবাসীর স্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২৯ জুন ২০২৪
‘ব্যক্তিগত ছবি’ ইন্টারনেটে ছড়ানোর ভয়, যা করলেন প্রবাসীর স্ত্রী
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বশুরবাড়ি থেকে মোরশেদা খানম মুন্নি (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোরশেদা খানম মুন্নি ঐ এলাকার প্রবাসী নূর নবীর স্ত্রী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুন্নিকে হয়রানি করে আসছিলেন আবদুর রহিম নামে এক যুবক। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে সৌদি আরব প্রবাসী নূর নবীর সঙ্গে বিয়ে হয় মুন্নির। তাদের সংসারে আট বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। 

মুন্নির বাবা মোহাম্মদ ইউনুস বলেন, বিয়ের আগে উপজেলার মাদার্শা এলাকার আবদুর রহিম নামে এক যুবকের সঙ্গে পরিচয় ছিল মুন্নির। বিয়ের পর থেকে তার ব্যক্তিগত কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় টাকাপয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন আবদুর রহিম। এরপরও এসব ব্যক্তিগত ছবি স্বজনদের পাঠিয়ে হয়রানি করে আসছিলেন। এর জের ধরে মানসিক যন্ত্রণা থেকে মুন্নি আত্মহত্যা করেছেন।

অভিযুক্ত আবদুর রহিম সৌদি আরবে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউল হক চৌধুরী বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!